ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
  • অন্যান্য

একাদশে ভর্তিতে আসছে জুলাই গণঅভ্যুত্থান কোটা, বাতিলের চিন্তা মুক্তিযোদ্ধা কোটা

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৩, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ । ২১৭ জন

সদ্য প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শিগগিরই শুরু হচ্ছে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য নতুন ভর্তি নীতিমালা প্রণয়ন করেছে।

এবারের নীতিমালায় বড় পরিবর্তন আসতে পারে কোটা ব্যবস্থায়। আলোচনায় রয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান কোটা’ যুক্ত করার বিষয়টি। এতে আন্দোলনে আহত শিক্ষার্থী বা শহীদ পরিবারের সদস্যরা বিশেষ সুবিধা পাবেন।

অন্যদিকে প্রায় ৫৫ বছর পর এসে ‘বীর মুক্তিযোদ্ধার সন্তান কোটা’ বাতিলের চিন্তা করা হচ্ছে। শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা মনে করছেন, বর্তমানে কলেজে ভর্তির বয়সে মুক্তিযোদ্ধার সন্তান নেই বললেই চলে। তাই এ কোটা রাখার যৌক্তিকতা নেই।

বর্তমান নিয়মে মেধা কোটায় ৯৩% আসন, আর ৭% বিভিন্ন কোটায় ভর্তি করা হয়। এর মধ্যে ৫% মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য, ২% শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানের জন্য সংরক্ষিত। তবে এবার সব ধরনের কোটা বাতিলের পক্ষে মত দিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৪ সালের ২৪ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এবারই প্রথম একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। এ আন্দোলনে অংশ নেওয়া আহত শিক্ষার্থীরা এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। অনেকের ফল প্রত্যাশার তুলনায় কম হতে পারে। তাই সীমিত সময়ের জন্য (দুই-তিন বছর) জুলাই কোটা চালুর পরিকল্পনা রয়েছে।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। অথচ সারাদেশের কলেজ ও মাদরাসায় ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২২ লাখ। কারিগরি ও পলিটেকনিক সহ অন্যান্য প্রতিষ্ঠানের আসন ধরলে এই সংখ্যা দাঁড়ায় প্রায় সাড়ে ৩৩ লাখে।

সব শিক্ষার্থী ভর্তি হলেও প্রায় ২০ লাখ আসন খালি থাকবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড ও বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)।

চূড়ান্ত সিদ্ধান্ত আজ রোববার (১৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিতব্য বৈঠকে একাদশ শ্রেণির ভর্তির চূড়ান্ত নীতিমালা অনুমোদন হতে পারে।

এমআর