বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করলে সাধারণ মানুষ রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হবে না বলে মন্তব্য করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল মাঠে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরাও বাংলাদেশের সম্পদ। তারাও সমান সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রাখে। জামায়াত সরকার গঠন করলে সরকারি বৃত্তি পরীক্ষায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। বৈষম্যের বিরুদ্ধে জামায়াতের আন্দোলন সংগ্রাম দীর্ঘদিনের। একজন ছাত্র সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন, জেনারেল বা মাদ্রাসা—যেখান থেকেই পড়ুক না কেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে উচ্চশিক্ষায় সুযোগ পাবে এবং চাকরিতে অংশ নিতে পারবে।”
মাওলানা আজাদ আরও বলেন, “অনেক ত্যাগ-তিতিক্ষা ও রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশ। ১৯৫২, ১৯৭১ এবং সর্বশেষ ২০২৪ সালে জনগণ বৈষম্যহীন দেশের জন্য রক্ত দিয়েছে, কিন্তু বারবার বৈষম্য ফিরিয়ে আনা হয়েছে। আমরা যদি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিতে পারি, তাহলে বৈষম্য, চাঁদাবাজি ও ভূমিদস্যুতা থাকবে না, দুর্নীতি কমবে এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আহত জুলাই যোদ্ধা মো. মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মো. ইস্কান্দার আলী হাওলাদার, শিক্ষা সচিব মো. আলহাজ উদ্দিন রোহিত, কেন্দ্রীয় যুগ্ম সচিব আবুল কালাম আজাদ, রাজশাহী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এড. মাসুদ রানা, বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানের শেষে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আওতাধীন ১৭টি প্রতিষ্ঠানের ২০২২, ২০২৩ ও ২০২৪ শিক্ষাবর্ষে বৃত্তিপ্রাপ্ত ৬৫৪ জন কৃতি শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।







