ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  • অন্যান্য

আগস্টের ১৭ দিনে প্রবাসী আয় ১৭ হাজার ৩৭২ কোটি ৮০ লাখ টাকা


আগস্ট ১৮, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ । ৩৩০ জন

চলতি আগস্ট মাসের প্রথম ১৭ দিনেই প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৪২ কোটি ৪০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার ৩৭২ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। রোববার (১৭ আগস্ট) একদিনেই এ ক্ষেত্রে এসেছে ১৬ কোটি ডলার বা ১৯৫২ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মুখপাত্র আরিফ হোসেন খান জানান, চলতি আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স এসেছে ১৪২ কোটি ৪০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ে (১১৩ কোটি ৪০ লাখ ডলার) তুলনায় ২৯ কোটি ডলার বেশি। অর্থাৎ রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৮ শতাংশ।

এর আগে চলতি অর্থবছরের জুলাই মাসে দেশে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। তবে ওই মাসে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে মার্চে, ৩২৯ কোটি ডলার। পুরো অর্থবছরজুড়ে প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি।

মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ২০২৪-২৫ অর্থবছরে ছিল:
২০২৪-২৫ অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল নিম্নরূপ: জুলাই: ১৯১.৩৭ কোটি ডলার, আগস্ট: ২২২.১৩ কোটি ডলার, সেপ্টেম্বর: ২৪০.৪১ কোটি ডলার, অক্টোবর: ২৩৯.৫০ কোটি ডলার, নভেম্বর: ২২০ কোটি ডলার, ডিসেম্বর: ২৬৪ কোটি ডলার, জানুয়ারি: ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারি: ২৫৩ কোটি ডলার, মার্চ: ৩২৯ কোটি ডলার, এপ্রিল: ২৭৫ কোটি ডলার, মে: ২৯৭ কোটি ডলার এবং জুন: ২৮২ কোটি ডলারের রেমিট্যান্স।

বিশ্লেষকরা বলছেন, সরকার ঘোষিত প্রণোদনা এবং প্রবাসী আয়ের পথ সহজ করায় রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে।

বাংলা পত্রিকা/এমআর